ভারতের চেন্নাইয়ে তামিলাগা ভেট্টরি কাজাগামের (টিভিকে) সদর দপ্তরে এখন উচ্ছ্বাসের সময়। তিনদিনের নাটকীয়তা শেষে সুপারস্টার থালাপতি বিজয়ের ম্যাজিক ফিগার নিয়ে দুশ্চিন্তার অবসান হয়েছে।
চলতি সপ্তাহের শুরুতে নির্বাচনে বিশাল ‘সুপারহিট’ উপহার দেওয়ার পর অর্ধেকের বেশি আসন (ম্যাজিক ফিগার) নিশ্চিত করতে যে লড়াই বিজয়কে করতে হয়, শনিবার (৯ মে) অবশেষে তার সমাধান মিলেছে।
এর মাধ্যমে তামিলনাড়ুতে টিভিকের জোট সরকার গঠনের পথ প্রশস্ত হলো এবং বিজয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার বিষয়টি নিশ্চিত হলো।
ভিদুথালাই চিরুথাইগাল কাচি (ভিসিকে) শনিবার টিভিকে-কে বিনাশর্তে সমর্থন দেওয়ার মধ্য দিয়ে চলমান অনিশ্চয়তার অবসান ঘটে। তাদের সমর্থনে বিজয় নেতৃত্বাধীন জোটের শক্তি এখন ১১৮-তে পৌঁছেছে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ন্যূনতম আসন সংখ্যা।
এনডিটিভির হাতে আসা ভিসিকের সমর্থনপত্রে বলা হয়, তামিলনাড়ুতে স্থিতিশীল ও গণতান্ত্রিক সরকার নিশ্চিত করতেই বিজয়কে সমর্থনের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকরকে উদ্দেশ্য করে লেখা এবং ভিসিকে নেতা ভান্নি আরাসুর সই করা চিঠিতে বলা হয়, ‘আমাদের দলের দুই বিধায়কের পক্ষ থেকে আমরা তামিলনাড়ুতে সরকার গঠনের লক্ষ্যে সি জোসেফ বিজয়ের নেতৃত্বাধীন টিভিকে-কে সমর্থন জানাচ্ছি।
‘তামিলনাড়ুর জনগণের জন্য স্থিতিশীল ও গণতান্ত্রিক শাসন নিশ্চিত করার স্বার্থে এই সমর্থন জানানো হচ্ছে। আমি মহামান্য রাজ্যপালকে আমাদের এই বিনাশর্তে সমর্থনের বিষয়টি নথিভুক্ত করার অনুরোধ জানাচ্ছি।’
জোটের পাটিগণিত
ভিসিকের সমর্থনে বিজয়ের ঝুলিতে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আসন যুক্ত হলো। এর আগে বিজয় নেতৃত্বাধীন জোটে কংগ্রেসের ৫ জন এবং বাম দলগুলোর ৪ জনসহ মোট ১১৬ জন নির্বাচিত বিধায়কের সমর্থন ছিল। শনিবার ভিসিকের দুটি আসন যোগ হওয়ায় জোটের শক্তি বেড়ে দাঁড়িয়েছে ১১৮।
বাম দলগুলো বিনাশর্তে সমর্থন দিলেও কংগ্রেসের সমর্থন এসেছে কিছু শর্ত সাপেক্ষে। বামপন্থীরা বিজয়ের মন্ত্রিসভায় যোগ না দেওয়ার সিদ্ধান্ত নিলেও সূত্র জানিয়েছে, কংগ্রেস দুটি মন্ত্রিত্ব আশা করছে।
এদিকে অন্য একটি সূত্র বলছে, নিখিল ভারত আন্না দ্রাবিড় মুনেত্রা কাজাগামের (এআইএডিএমকে) তিন বিধায়ক বিদ্রোহী হয়ে উঠেছেন। তারা টিভিকে-তে যোগ দিতে পারেন।