বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছে জনপ্রিয় ব্যান্ড সোলস। তাদের পরিবেশনায় রবীন্দ্রনাথের জনপ্রিয় গান ‘মেঘ বলেছে যাবো যাবো এবার’ নতুনভাবে প্রকাশ পেয়েছে, যাতে কণ্ঠ দিয়েছেন পার্থ বড়ুয়া। গানটি ৭ মে বিকেল ৫টায় ব্যান্ডের ইউটিউব চ্যানেল ও স্পটিফাইতে প্রকাশ হয়েছে।
এই গান প্রসঙ্গে ব্যান্ডের অন্যতম সদস্য কি-বোর্ডিস্ট মীর মাসুম বলেন, ‘গানটি অনেক আগেই রেকর্ড করেছি আমরা। অনেকদিনের ইচ্ছে ছিল পার্থ দা’র গানটি করার। আমরা সবাই মিলে দারুণভাবে গানটি করেছি।’
এই ব্যান্ডের পঞ্চাশ বছর পূর্তিতে আনপ্লাগড ৯টি গান প্রকাশ করছে। ইতিমধ্যেই প্রকাশ হয়েছে তিনটি। রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে বিরতি এসেছে গানগুলোর প্রচারে। আগামী সপ্তাহ থেকে ফের প্রতি সপ্তাহে একটি করে গান প্রকাশ করবে ব্যান্ডটি। জনপ্রিয় গানগুলো নতুন করে শ্রোতাদের সামনে উপস্থাপনের এ উদ্যোগে আগামী সপ্তাহে প্রকাশ হচ্ছে তাদের কালজয়ী গান ‘মন শুধু মন ছুঁয়েছে’।
রবীন্দ্রনাথের জন্মদিনকে কেন্দ্র করে প্রকাশিত এই গানটি শ্রোতাদের মধ্যে নতুন করে সাড়া ফেলবে বলে মনে করছেন ব্যান্ড সংশ্লিষ্টরা।