বলিউডে প্রতিশ্রুতিশীল অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন শ্রদ্ধা কাপুর। অভিষেকের পর থেকেই মুনশিয়ানা দেখাচ্ছেন অভিনয়ে। অভিনয়ের প্রয়োজনের অনেক নামি-দামী অভিনেতাদের সঙ্গে অভিনয় করেছেন সাবলীলভাবে।
এবার তাকে পর্দায় দেখা যাবে মিস্টার পারফেকশনিস্টখ্যাত বলিউড সুপারস্টার আমির খানের বিপরীতে। ভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, ‘ভারত-পে’ সংস্থার প্রতিষ্ঠাতা অশনির গ্রোভারের জীবনী নিয়ে তৈরি সিনেমায় অভিনয় করবেন আমির খান। আর তার স্ত্রী মাধুরী জৈন গ্রোভারের ভূমিকায় দেখা যাবে শ্রদ্ধাকে।
সিনেমাটি পরিচালনা ও প্রযোজনা করার কথা রয়েছে শ্রদ্ধা কাপুরের প্রেমিক রাহুল মোদির। যদিও এই সিনেমার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এখন পর্যন্ত।
অন্যদিকে, শ্রদ্ধার হাতেও রয়েছে কয়েকটি সিনেমার কাজ। এর মধ্যে অন্যতম লক্ষণ উতেকরের পরিচালনায় ‘ইথা’ সিনেমায় দেখা যাবে শ্রদ্ধা কাপুরকে। জানা গেছে, এতে অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে হয়তো জুটি বাঁধতে দেখা যেতে পারে শ্রদ্ধাকে।