সাঁওতালদের অধিকার আদায়ের সংগ্রাম নিয়ে নির্মিত জনপ্রিয় মঞ্চ নাটকের দল আরণ্যক নাট্যদল আবারও মঞ্চে আনছে নাটক ‘রাঢ়াঙ’। ১ মে সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে দলের নাটকটি মঞ্চস্থ হবে বলে জানা গেছে। নাটকটি রচনা ও নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ।
নাটকে দেখা যায়, সাঁওতাল সম্প্রদায়ের দরিদ্র জনগোষ্ঠীর নিত্যদিনের হালচালে মলিন বেশভূষা। নিরীহ মুখাবয়বে যেন রাজ্যের হাহাকার। নিজেকে টিকিয়ে রাখার লক্ষ্যে প্রত্যেক সাঁওতাল প্রায় এক প্রকার যুদ্ধে লিপ্ত। অধিকার আদায়ে বিদ্রোহ দানা বেঁধে ওঠে প্রান্তিক সাঁওতালদের মাঝে। তবে এটা শুধু নিছক বিদ্রোহ ছিল না, অস্তিত্ব রক্ষার তাগিদে অধিকার আদায়ের এক গুরুত্বপূর্ণ লড়াই। থানার দারোগা থেকে শুরু করে গ্রামের মাতবর, এমনকি অধিকার আদায়ে সচেষ্ট বিদ্রোহী তরুণরাও অস্তিত্ব সংকটে ভোগে। একই দেশ, একই সমাজে থেকেও জীবনযুদ্ধে অবহেলিত ও নিগৃহীত থাকে সাঁওতাল সমাজ। অধিকার আদায় ও ভালোভাবে বেঁচে থাকার নিরন্তন প্রচেষ্টায় এগিয়ে যায় প্রান্তিক সাঁওতালরা। অবশেষে জয় হয় মানবতার। এভাবেই এগিয়ে যায় নাটকের কাহিনী।
এই নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, শামীম জামান, আরিফ হোসেন আপেল, সাজ্জাদ সাজু, সুজাত শিমুল, শামীমা শওকত লাভলী প্রমুখ।