‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’, ‘কে বলে মানুষ মরে, আমি বুঝলাম না ব্যাপার’সহ বহু জনপ্রিয় বাউল গানের শিল্পী কানাই দাস বাউল আর নেই।
ভারতের পশ্চিমবঙ্গের বীরভুমের তারাপীঠে এই গুণী গত ১৮ এপ্রিল মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেন ভারতীয় চিত্রগ্রাহক ও নির্মাতা রঞ্জন পালিত। তিনি সামাজিক মাধ্যমে জানান, দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। বিশেষ করে গত দুই মাস তিনি টিবি রোগে আক্রান্ত ছিলেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে ক্রনিক অ্যাজমা ও ডায়াবেটিসজনিত সমস্যাও তার ছিল। দৃষ্টিহীন হয়েও কানাই দাস বাউল সংগীত ও আধ্যাত্মিক সাধনায় নিজেকে নিবেদিত করেছিলেন।
ভক্তদের কাছে ‘কানাই বাবা’ নামেই পরিচিত ছিলেন তিনি। তার কণ্ঠে যেমন ছিল বেদনা ও মানবতার দর্শন, তেমনি ছিল আধ্যাত্মিক গভীরতা। দেশ-বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে তিনি বাউল গান পরিবেশন করে খ্যাতি অর্জন করেন এবং ২০১৯ সালে ‘সহজিয়া সম্মান’ লাভ করেন। উইলিয়াম ডালরিম্পলের বই ‘নাইন লাইভস’-এও তাঁর জীবন ও গান নিয়ে অধ্যায় রয়েছে।
গত বছর এই বাউল শিল্পী বাংলাদেশের নির্মাতা মেজবাউর রহমান সুমনের ‘রইদ’ সিনেমার জন্য একটি গানে কণ্ঠ দিয়েছেন কানাই দাস। কোনো সিনেমায় এটাই তার প্রথম ও শেষ প্লে-ব্যাক।