স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, দেশে হাম পরিস্থিতি এখনো মহামারির পর্যায়ে পৌঁছায়নি। সোমবার (২০ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কে অবস্থিত লিটল অ্যাঞ্জেল সেমিনারিতে আনুষ্ঠানিকভাবে হামের প্রাদুর্ভাব মোকাবেলায় দেশব্যাপী জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন শেষে সংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে সাখাওয়াত হোসেন বলেন, ‘না, এটা মহামারি না। যেসব এলাকায় হামের প্রাদুর্ভাব বেশি হয়েছে, সেসব এলাকা টার্গেট করে অলরেডি আমরা ৮৫ শতাংশ ভ্যাক্সিনেশনের আওতায় নিয়ে এসেছি। সিটি করপোরেশনও সেটি করছে। যেখানে হবে, আমরা সেখানে ঝাঁপিয়ে পড়ব। ইনশাআল্লাহ, এটা কন্ট্রোলে চলে আসবে।’
এ সময় বিগত সরকারগুলোর ব্যর্থতায় স্বাস্থ্য খাতের সরবরাহ ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছিল বলে অভিযোগ করেন সরদার মো. সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, ‘বিগত সরকারগুলোর ব্যর্থতার কারণে আমাদের সরবরাহ লাইন দুর্বল ছিল। হঠাৎ করে যখন হাম শুরু হলো, আমরা তড়িৎগতিতে কাজ শুরু করি। যেই রাতে একটি শিশু সংক্রামক ব্যাধিতে হাসপাতালে মারা গেল। আমরা সেখানে গিয়েছি। ১৮ ঘণ্টার মধ্যে, যদিও এটি খুবই কঠিন কাজ ছিল, তারপরও আমরা সেখানে একটি আইসিইউ খুলেছি।’
মন্ত্রী বলেন, ‘হাম হওয়ার পর যখন নিউমোনিয়া হয়, লাং যখন কনজাস্টেড হয়ে যায় তখন অক্সিজেন ইনফ্লো-আউটফ্লোর জন্য ভেন্টিলেটরের প্রয়োজন হয়। আমরা সেই ভেন্টিলেটরও দিয়েছি। সবচেয়ে বড় দরকারি জিনিসটি ছিল এটি, যেটার আমাদের খুবই শর্টেজ ছিল।’
ভ্যাকসিন সংকট কাটাতে ইউনিসেফ, গ্যাভি ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সহযোগিতার কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘করোনাকালীন অব্যবহৃত তহবিল ব্যবহার করে দ্রুত ভ্যাকসিন ও সিরিঞ্জ সংগ্রহ করা হয়েছে এবং এখন দেশ অনেকটাই প্রস্তুত।’
চলতি মাসের ৪ ও ৫ তারিখ থেকে ১৮টি জেলার ৩০টি উপজেলায় টিকাদান কার্যক্রম শুরু হয়। পরে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ ময়মনসিংহ ও বরিশালে কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে। সোমবার থেকে সারা দেশে এই কর্মসূচি চালু হয়েছে।
বর্তমান পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব কি জরুরি অবস্থার পর্যায়ে পৌঁছেছে কি-না এমন প্রশ্নে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এখনো ইমারজেন্সি ঘোষণা করার মতো অবস্থা হয়নি। হামের যে অগ্রযাত্রা ছিল, আশা করি আগামী দুই-তিন দিনের মধ্যে ভ্যাকসিনেশনের কাজ এগিয়ে গেলে আক্রান্ত শিশুর সংখ্যা কমে আসবে, ইনশাআল্লাহ।’
দেশে চিকিৎসক ও স্বাস্থ্য সরঞ্জামের ঘাটতি রয়েছে। তবে তা মোকাবেলায় নতুন করে চিকিৎসক নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বল্লেও জানান মন্ত্রী।
টিকাদান কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, জেলা প্রশাসক রায়হান কবির ও জেলা সিভিল সার্জন এএফএম মুশিউর রহমান বক্তব্য দেন।