চুয়াডাঙ্গার দামুড়হুদায় স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে মো. সালাম (২১) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন আদালত। সোমবার (২০ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গা শিশু সহিংসতা দমন ট্রাইবুনাল আদালতের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. মোক্তাগীর আলম এ রায় ঘোষণা করেন।
আদালতের রায় অনুযায়ী, আসামী মো. সালামকে পৃথক দুটি ধারায় সাজা প্রদান করা হয়েছে। এক্ষেত্রে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে তাকে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এছাড়া ৭ ধারায় তাকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
আদালত উল্লেখ করেছেন, উভয় সাজা পর্যায়ক্রমে কার্যকর হবে। তবে আসামী ইতিপূর্বে হাজতে থাকার সময়কাল মূল দণ্ডাদেশ থেকে বাদ যাবে।