শুক্রবার (২১ আগস্ট) থেকে শুরু হচ্ছে এমপিওভুক্ত বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকদের বদলির অনলাইন আবেদন। আবেদন করা যাবে আগামী ২৭ আগস্ট পর্যন্ত। শুক্রবার এ তথ্য নিশ্চিত করে বদলি আবেদনের সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এসপি ইন্টারন্যাশনাল জানায়, শুক্রবার বেলা ১১টা থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে।
এর আগে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন খানের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন শিক্ষক পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ তিনটি প্রতিষ্ঠানে বদলির জন্য আবেদন করতে পারবেন।
বদলি নীতিমালা অনুযায়ী, আবেদনগুলো স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে যাচাই করা হবে। যাচাই-বাছাই শেষে কর্তৃপক্ষ বদলির আদেশ জারি করবে।
শিক্ষকেরা নিজ জেলায় বদলির জন্য আবেদন করতে পারবেন। তবে নিজ জেলায় পছন্দের পদ শূন্য না থাকলে নিজ বিভাগের যেকোনো জেলায় শূন্য পদের বিপরীতে আবেদন করা যাবে। এ ছাড়া স্বামী বা স্ত্রীর নিজ জেলা অথবা সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত বা এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত স্বামী বা স্ত্রীর জেলায়ও বদলির আবেদন করা যাবে।
মাউশি জানায়, বদলির সফটওয়্যারে প্রতিষ্ঠানের দেওয়া তথ্যে কোনো ভুল থাকলে এর দায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধান ও আবেদনকারী শিক্ষককে ব্যক্তিগতভাবে নিতে হবে। অসম্পূর্ণ বা ভুল তথ্যসংবলিত আবেদন বিবেচনা করা হবে না।
চাকরির দুই বছর পূর্ণ হলে একজন শিক্ষক বদলির আবেদনের জন্য যোগ্য হবেন। বদলি হয়ে নতুন কর্মস্থলে যোগদানের পর কমপক্ষে দুই বছর সেখানে দায়িত্ব পালন করতে হবে। এরপরই তিনি পরের বদলির জন্য আবেদন করতে পারবেন।
তবে কোনো শিক্ষকের এমপিও বন্ধ থাকলে, তিনি সাময়িক বরখাস্ত থাকলে কিংবা তার বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকলে বদলির জন্য আবেদন করতে পারবেন না। বদলির ক্ষেত্রে এসব শর্ত পূরণ করার পাশাপাশি আবেদনপত্রে সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য দেওয়ার ওপরও গুরুত্ব দিয়েছে মাউশি।