রাজধানীর মোহাম্মদপুরে বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) ওসমান গনিকে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জুয়েল রানা।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে হামলার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিংয়ের সি ব্লকের ৪ নম্বর রোডে দুর্বৃত্তদের হামলার শিকার হন এসআই ওসমান গনি। পরে তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসক তার পিঠে ৪৩টি সেলাই দেন।
পুলিশের প্রাথমিক ধারণা, এটি ছিনতাইয়ের ঘটনা নয়, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে হামলা চালানো হতে পারে। এ ঘটনায় এসআই ওসমান গনি বাদী হয়ে মোহাম্মদপুর থানায় অজ্ঞাতদের আসামি করে মামলা করেন।
গ্রেপ্তার ব্যক্তিদের পরিচয় ও বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে পুলিশ।