জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য আখতার হোসেন বলেছেন, সদ্য বিদায়ী প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে বিএনপির একটি নেগোসিয়েশন হয়েছে। তারা চুপ্পুকে সেইফ এক্সিট দিতে চায়।
রোববার (২৬ জুলাই) দুপুরে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে বর্ষা বিপ্লবের স্মৃতিচারণ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘অনেকেই বলছেন, সংবিধানের ৫১ অনুচ্ছেদ অনুযায়ী সাবেক প্রেসিডেন্ট চুপ্পুর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেওয়া যাবে না। কিন্তু এটি ভুল কনসেপ্ট। যতদিন তিনি রাষ্ট্রপতি ছিলেন ততদিন ৫১ অনুচ্ছেদ তার রক্ষাকবচ হিসেবে কাজ করেছে। কিন্তু এখন তিনি রাষ্ট্রপতি নন তাই তাকে আইনের আওতায় আনতে হবে।’
আখতার হোসেন বলেন, ‘এরশাদ রাষ্ট্রপতি পদ থেকে পদত্যাগ করার মাত্র ছয় দিন পর তাকে জেলে নেওয়া হয়েছিল।’
এনসিপির এই নেতা বলেন, ‘বিএনপি ক্ষমতায় এসে গণভোটের রায় মানছেনা। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের শপথ নেওয়ার কথা ছিল বিএনপির সংসদ সদস্যদের। কিন্তু তারা সেটি না করে গণভোটের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। যদি বিএনপি এই রায় কার্যকর না করে তাহলে জনগন সিদ্ধান্ত নেবে। আমরা জনগনকে সাথে নিয়ে এ রায় কার্যকর করব।’
অনুষ্ঠানে এনসিপির মহিলা আসনের এমপি ডাক্তার মাহমুদা মিতু, এনসিপি নেতা সরোয়ার তুষার, ছাত্র শক্তির সভাপতি জাহিদ আহসানসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য রাখেন।