পেশাগত ও সামাজিক সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে অপপ্রচার এবং ভিত্তিহীন অভিযোগে জড়ানোর অভিযোগ এনে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এর সিনিয়র ক্রাইম রিপোর্টার মো. রকিব উদ্দিন খান হিরন।
শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানায় তিনি এ বিষয়ে জিডি করেন।
জিডির অভিযোগে সাংবাদিক হিরন উল্লেখ করেন, গত ২ জুলাই ২০২৬ থেকে একটি স্বার্থান্বেষী মহল তার পেশাগত ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে আসছে। এর অংশ হিসেবে একটি কাল্পনিক ও ভিত্তিহীন ঘটনার সঙ্গে তাকে সম্পৃক্ত করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি জানান, একটি লিখিত অভিযোগে ঘটনাস্থলে থাকা এক ‘অজ্ঞাত দাড়িওয়ালা ব্যক্তি’ চ্যানেল ২৪-এর ক্রাইম রিপোর্টার হিরন খানের সঙ্গে কথা বলে তার কথিত উসকানিতে পরিস্থিতি উত্তপ্ত করেছেন বলে উল্লেখ করা হয়েছে। তবে ওই ব্যক্তির পরিচয়, তার সঙ্গে যোগাযোগের কোনো প্রমাণ বা সংশ্লিষ্ট কোনো তথ্য অভিযোগে দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি।
জিডিতে তিনি আরও উল্লেখ করেন, কোনো ধরনের যাচাই-বাছাই বা প্রমাণ ছাড়াই তাকে একটি মনগড়া অভিযোগে জড়ানো হয়েছে। পাশাপাশি তার অনুমতি ছাড়া একটি স্থিরচিত্র ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর প্রচারণা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
বিষয়টির সুষ্ঠু তদন্ত, অপপ্রচারকারীদের শনাক্তকরণ এবং ভবিষ্যৎ আইনি সুরক্ষা ও নিরাপত্তার স্বার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন সাংবাদিক মো. রকিব উদ্দিন খান হিরন।