রাজধানীর আদাবর এলাকায় অভিযান চালিয়ে তালিকাভুক্ত শীর্ষ ছিনতাইকারী ও একাধিক মামলার আসামি রুবেল ওরফে ‘পাংখা রুবেল’কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ৮টার দিকে আদাবর থানার শেখেরটেক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ছিনতাই, দস্যুতা, চাঁদাবাজি ও মাদক-সংক্রান্তসহ মোট নয়টি মামলা রয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার রুবেল আদাবর থানার দুটি পরোয়ানাভুক্ত মামলার আসামি। তার বিরুদ্ধে ছিনতাই, দস্যুতা, চাঁদাবাজি ও মাদক-সংক্রান্ত মোট নয়টি মামলা রয়েছে। এ ছাড়া তিনি শেখেরটেক এলাকার কিশোর গ্যাং ‘রক্ত চোষা জনি গ্রুপ’-এর সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে পুলিশ তাকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছিল। অবশেষে আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) কমল চন্দ্র ধর সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় শেখেরটেক এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার করা হয়।
তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।’