ব্রাহ্মণবাড়িয়ায় সোনালী ব্যাংকের করপোরেট শাখা থেকে এক গ্রাহকের ৭ লাখ ৮০ হাজার টাকা চুরি করে নিয়ে গেছে একটি চোর চক্র। সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টার দিকে ব্যাংকের ক্যাশ কাউন্টারের সামনে থেকে টাকার ব্যাগটি নিয়ে পালিয়ে যায় চক্রের এক সদস্য। এ ঘটনায় ব্যাংকের গ্রাহকদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
ব্যাংক কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে এক গ্রাহক ৭ লাখ ৮০ হাজার টাকা জমা দিতে ব্যাংকে আসেন। তিনি টাকার ব্যাগটি ক্যাশ কাউন্টারের সামনে রেখে পাশের টেবিলে বসে জমা দেওয়ার ভাউচার পূরণ করছিলেন। এ সময় সুযোগ বুঝে চোর চক্রের এক সদস্য কাউন্টারের সামনে থেকে ব্যাগটি নিয়ে দ্রুত ব্যাংক থেকে বেরিয়ে যায়।
পরে ওই গ্রাহক টাকা না পেয়ে বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। ব্যাংকের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোর চক্রের সদস্যদের শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
ব্যাংক সূত্রে জানা গেছে, চোর চক্রের কয়েকজন সদস্য গ্রাহক সেজে আগে থেকেই ব্যাংকের ভেতরে অবস্থান করছিল। সুযোগ বুঝে তাদের একজন টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়।
সোনালী ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া করপোরেট শাখার প্রধান মো. শরীফুল হক বলেন, ‘গ্রাহক টাকার ব্যাগটি কাউন্টারের সামনে রেখে ভাউচার লিখছিলেন। এ সময় টাকার দিকে তার নজর না থাকায় চোর চক্রটি কৌশলে ব্যাগ নিয়ে ব্যাংক থেকে বেরিয়ে যায়।’
তিনি বলেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চোর চক্রের সদস্যদের শনাক্তের চেষ্টা চলছে। গ্রাহকের অসাবধানতার কারণেই এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলেও মন্তব্য করেন তিনি।