মাদারীপুরের কালকিনিতে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ রহমান বেপারী (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ আগস্ট) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের ক্ষুদ্রচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) দেবব্রত চিন্তাপাত্রের নেতৃত্বে পুলিশের একটি দল ক্ষুদ্রচর এলাকায় অভিযান চালায়। এ সময় রহমান বেপারীর ঘর থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পরে উদ্ধার করা ইয়াবা জব্দ করে পুলিশ। পুলিশের দাবি, জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৫০ হাজার টাকা।
গ্রেপ্তার রহমান বেপারী কালকিনি উপজেলার দক্ষিণ চর দৌলতখান এলাকার সামসুদ্দিন বেপারীর ছেলে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশের কঠোর অভিযান অব্যাহত থাকবে।
তিনি জানান, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।