‘জীবনের গল্প, বাকি আছে অল্প’—নিজের ফেসবুক আইডিতে গত ৪ আগস্ট মাত্র কয়েকটি শব্দের এই পোস্ট দিয়েছিলেন গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাকির হোসেন (৫১)। সেই পোস্টের দুই সপ্তাহ না পেরোতেই থেমে গেল তার জীবনের গল্প।
দীর্ঘদিন লিভার ক্যানসারে আক্রান্ত জাকির হোসেন সোমবার (১৭ আগস্ট) সকালে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জাকির হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে উপজেলার রাজনৈতিক অঙ্গন ও তার নিজ এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তার শেষ দিকের সেই ফেসবুক পোস্টটি এখন আরও বেদনাবিধুর হয়ে উঠেছে।
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু বলেন, দীর্ঘদিন ধরে জাকির হোসেন লিভার ক্যানসারে ভুগছিলেন। তাকে সুস্থ করে তুলতে পরিবারের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। দেশ-বিদেশের বিভিন্ন হাসপাতালে তার চিকিৎসা করানো হয়। পরিবার ও দলের পাশাপাশি তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপনও তার চিকিৎসায় ব্যক্তিগতভাবে সহযোগিতা করেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার সকালে উপজেলা গেটসংলগ্ন নিজ বাড়িতে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন জাকির হোসেন। দ্রুত তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
সোমবার বাদ আছর গৌরনদী উপজেলা পরিষদ চত্বরে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে টিকাসার গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
জাকির হোসেনের মৃত্যুতে তথ্যমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন এমপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।
তবে তার মৃত্যুর পর সবচেয়ে বেশি আলোচনায় এসেছে ৪ আগস্টের সেই ফেসবুক পোস্ট—‘জীবনের গল্প বাকি আছে অল্প’। তখন কথাগুলো হয়তো অনেকের কাছে নিছক আবেগের প্রকাশ মনে হয়েছিল। কিন্তু মাত্র দুই সপ্তাহ পর তার মৃত্যুর পর সেই কয়েকটি শব্দই এখন স্বজন ও সহকর্মীদের কাছে গভীর বেদনার প্রতিধ্বনি হয়ে উঠেছে।