ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই জাহিদুল ইসলামের (২৪) বিরুদ্ধে। তবে ঘটনাটি জানাজানি হওয়ার পর থানায় না গিয়ে স্থানীয়ভাবে সালিশ বসিয়ে অভিযুক্তকে মাত্র সাতবার কান ধরে উঠবস করিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে কিশোরীর পরিবার পরে পুলিশের দ্বারস্থ হয়।
সোমবার (১৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কিশোরীকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযুক্ত জাহিদুর ইসলাম ফান্দাউক ইউনিয়নের আতুকুরা গ্রামের মাইজম বাড়ি এলাকার সফিল মিয়ার ছেলে। পুলিশ ও কিশোরীর পরিবারের ভাষ্য অনুযায়ী, গত শনিবার (১৫ আগস্ট) রাত ৯টার দিকে জাহিদুল ওই কিশোরীকে ডেকে বাড়ির পাশের একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে একটি ভাঙা ঘরে নিয়ে তাকে ধর্ষণ করা হয়। পরে বাড়ি ফিরে বিষয়টি বড় বোনকে জানায়।
পরদিন সকালে কিশোরীর বড় ভাই জাহিদুলকে বিষয়টি জিজ্ঞাসা করলে জাহিদুল তাকে আক্রমণ করেন এবং মামলা করলে পরিণতি ভালো হবে না বলে হুমকি দেন বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের।
পরে বিষয়টি স্থানীয় গ্রামের সরদারদের জানানো হলে সোমবার (১৭ আগস্ট) সকাল ৯টার দিকে বাড়িতে সালিশ বসানো হয়। সালিশে স্থানীয় মহিলা ইউপি সদস্য ফাহিমা খাতুন উপস্থিত ছিলেন। সেখানে অভিযুক্ত জাহিদুলকে সাতবার কান ধরে উঠবস করানোর মাধ্যমে বিচার শেষ করা হয়। তবে এই বিচার মেনে নেয়নি কিশোরীর পরিবার। পরে তারা নাসিরনগর উপজেলা স্বাস্থ্য চিকিৎসার জন্য নিয়ে গেলে পুলিশ প্রথমে কিশোরীর চিকিৎসা ও প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পরামর্শ দেয়। এরপর তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত জাহিদুল পালিয়ে রয়েছেন। ভুক্তভোগীর বড় ভাই বলেন, জাহিদুল কসমেটিকসের ব্যবসা করেন। তার বোন শারীরিকভাবে প্রতিবন্ধী না হলেও অত্যন্ত সহজ-সরল প্রকৃতির। অন্যরা যা বলে, সে তা-ই শোনে এবং করে। অনেক কিছুই সে বুঝতে পারে না। তিনি অভিযোগের সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
হাসপাতালের গাইনী বিভাগের সিনিয়র স্টাফ নার্স নেহেরা আক্তার বলেন, কিশোরী হাসপাতালে ভর্তি হওয়ার পর ধর্ষণের অভিযোগের ঘটনায় প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি গাইনি কনসালটেন্টকে জানানো হয়েছে। চিকিৎসকের পরীক্ষা-নিরীক্ষার পর ধর্ষণের ঘটনা ঘটেছে কি না সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম বলেন, অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। কিশোরীর পরিবারকে অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।