ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের অনুষ্ঠানে ঐতিহ্যবাহী খাবার ‘খদরে’ খাসি না থাকায় বিয়ে না করেই কনের বাড়ি থেকে চলে গেছেন জাপানপ্রবাসী বর জুনায়েদ। সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার ধরখার ইউনিয়নের তোলাতালা গ্রামে এ ঘটনা ঘটে। জুনায়েদ কসবার নিয়ামতপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বরপক্ষের জন্য খদরের খাবার পরিবেশন করা হয়। এতে খাসি না থাকায় জুনায়েদ ক্ষুব্ধ হয়ে জানান, খাসি ছাড়া তিনি খাবেন না এবং খাসি না দিলে বিয়ের আনুষ্ঠানিকতাও করবেন না।
আরও জানা যায়, কনেপক্ষের স্বজনরা তাকে বোঝানোর চেষ্টা করলেও তিনি নিজ সিদ্ধান্তে অনড় থাকেন। শেষ পর্যন্ত বিয়ে না করেই কনের বাড়ি থেকে একাই ফিরে যান তিনি।
কনের বাবা শফিক মিয়া বলেন, ‘আগে জানানো হলে খাসির ব্যবস্থা করা হত। বিষয়টি আগে জানানো হয়নি। পরে সবাই বোঝানোর চেষ্টা করলেও বর রাজি হননি।’
স্থানীয় ইউপি সদস্য আশিক মিয়া ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে বলেন, ‘খাসির বিষয়টি নিয়ে অনেকভাবে বোঝানোর পরও তিনি (বর) বিয়েতে রাজি হননি।’