ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ব্যক্তিগত গাড়িতে সজোরে ধাক্কা দেওয়ার পর রয়েল কক্স নামের একটি বিলাসবহুল স্লিপার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে বাসে থাকা কোনো যাত্রী হতাহত হননি বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) ভোরে কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় রিলায়েবল সিএনজি ফিলিং স্টেশনের অদূরে ঢাকাগামী লেনে এ ঘটনা ঘটে।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ফিরছিল রয়েল কক্সের বিলাসবহুল স্লিপার বাসটি। ভোর ৫টার দিকে ইলিয়টগঞ্জ এলাকায় পৌঁছালে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ব্যক্তিগত গাড়িতে বাসটি সজোরে ধাক্কা দেয়।
ধাক্কার পর বিকট শব্দ হলে বাসে থাকা যাত্রীরা দ্রুত নেমে যান। এর কিছুক্ষণ পর বাসের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়লে সেটি সম্পূর্ণ পুড়ে যায়।
ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি জাকির হোসেন শিকদার বলেন, ‘ধারণা করা হচ্ছে, চালকের চোখে ঘুম থাকায় সামনে দাঁড়িয়ে থাকা গাড়িতে সজোরে ধাক্কা লাগে। এরপর বাসে আগুন ধরে যায়। এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি।’
তিনি আরও বলেন, বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।