ব্রাহ্মণবাড়িয়ায় যৌতুকের টাকা না দেওয়ায় পাঁচ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীর গোপনাঙ্গ ও দুই পায়ে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে স্বামী রহমত আলীর (২৮) বিরুদ্ধে। এ ঘটনায় মঙ্গলবার (১১ আগস্ট) ভোরে অভিযান চালিয়ে তাকে আটক করেছে পুলিশ।
আটক রহমত আলী ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘর গ্রামের কুরবান আলী বাড়ির বসু মিয়ার ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি বলেন, গৃহবধূকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগ পাওয়ার পর অভিযান চালিয়ে ভোরে রহমত আলীকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
পরিবার সূত্রে জানা গেছে, প্রায় এক বছর আগে পারিবারিকভাবে সাড়ে তিন লাখ টাকা কাবিনে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের ওই গৃহবধূর সঙ্গে রহমত আলীর বিয়ে হয়। বিয়ের পর কিছুদিন তাদের সংসার স্বাভাবিকভাবে চললেও পরে বিভিন্ন পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ দেখা দেয়।
পরিবারের অভিযোগ, গত বৃহস্পতিবার (৬ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে শোয়ার কক্ষে রহমত আলী তার স্ত্রীকে বাবার বাড়ি থেকে টাকা এনে দিতে বলেন। তবে পরিবারের আর্থিক অস্বচ্ছলতার কারণে টাকা এনে দিতে পারবেন না বলে জানান ওই গৃহবধূ।
এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে রহমত আলী তার স্ত্রীর গোপনাঙ্গ ও দুই পায়ে অ্যাসিড নিক্ষেপ করেন বলে অভিযোগ পরিবারের।
অ্যাসিড নিক্ষেপের পর ওই গৃহবধূ চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে পরিবারের সদস্যরা শুক্রবার (৭ আগস্ট) বিকেলে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
পরে ওইদিন রাত ১১টার দিকে গুরুতর অবস্থায় তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই করা হবে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।