শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুরে সাত মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মিলন ঢালী (৩৩) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি চরকুমারিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বলে জানিয়েছেন স্থানীয়রা। রোববার (৯ আগস্ট) ভুক্তভোগীর মা বাদী হয়ে মিলন ঢালী ও আনোয়ার ঢালীর বিরুদ্ধে সখিপুর থানায় ধর্ষণচেষ্টার মামলা করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই নারী (২৩) সাত মাসের অন্তঃসত্ত্বা। মায়ের সহযোগিতা নিতে তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন। ঘটনার দিন বাড়িতে তিনি একা থাকার সুযোগে মিলন ঢালী ঘরে প্রবেশ করেন বলে অভিযোগ করা হয়। একপর্যায়ে তাকে জড়িয়ে ধরে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করা হয়।
এ সময় ওই নারী চিৎকার করলে তাকে মারধর করা হয় এবং বিষয়টি কাউকে জানালে ক্ষতি করার হুমকি দিয়ে অভিযুক্ত চলে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
মামলার পর ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা। মামলার বাদী জানান, ১১ আগস্ট দুপুরে মিলন ফোন করে মামলা তুলে না নিলে তাদের পরিবারকে হত্যা এবং ঘরবাড়িতে পেট্রোলবোমা হামলার হুমকি দেন। নিরাপত্তার কারণে কয়েক দিন ধরে তারা আত্মীয়ের বাড়িতে অবস্থান করছেন বলে জানান তিনি।
ভুক্তভোগী বলেন, দীর্ঘদিন ধরে তাকে কুপ্রস্তাব দেওয়া হচ্ছিল। এতে রাজি না হওয়ায় তাকে হুমকি দেওয়া হতো। ঘটনার দিন বাড়িতে একা থাকার সুযোগে মিলন ঘরে ঢুকে তাকে জড়িয়ে ধরে ধর্ষণের চেষ্টা করেন। এ ঘটনায় মামলা করার পর তার মাকে ফোন করে মামলা তুলে নিতে চাপ ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
মামলার বাদী বলেন, মামলা করার পর তারাই নিরাপত্তাহীনতায় ভুগছেন। মামলা তুলে নিতে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। পরিবারের নিরাপত্তা নিশ্চিত ও ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি।
স্থানীয় মাদবর ওয়াসিম ঢালী বলেন, মিলন দীর্ঘদিন ধরে ওই নারীকে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছিলেন বলে তিনি শুনেছেন। এ বিষয়ে তাকে একাধিকবার সতর্ক করা হয়েছিল। এরপরও ঘটনার দিন ওই নারীকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন সরদার বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তকে আইনের আওতায় আনা প্রয়োজন। মামলা হওয়ার পরও অভিযুক্ত গ্রেপ্তার না হওয়ায় ভুক্তভোগী পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে।
অভিযুক্ত মিলন ঢালীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে বাড়িতে পাওয়া যায়নি। তবে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি ধর্ষণচেষ্টার অভিযোগ অস্বীকার করেন। তার দাবি, আইরিনের ভাইয়ের কাছে তিনি টাকা পাবেন। সেই টাকা চাইতে গিয়ে আইরিনের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এরপর তার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ আনা হয়েছে।
এ বিষয়ে জেলা ছাত্রদলের আহ্বায়ক এইচ এম জাকির হোসেন বলেন, চরকুমারিয়া ইউনিয়নে বর্তমানে ছাত্রদলের কোনো কমিটি নেই। দলের নাম ব্যবহার করে কেউ অপরাধ করলে তার দায় ছাত্রদল নেবে না। অভিযুক্ত ব্যক্তি ছাত্রদলের কোনো পদে আছেন কি না, তা যাচাই করে প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হুসাইন বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ধর্ষণচেষ্টার মামলা হয়েছে এবং মামলার কপি আদালতে পাঠানো হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। হুমকির বিষয়ে অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।