সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার নলকায় ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাসের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ১০ যাত্রী আহত হয়েছেন।
শনিবার (৮ আগস্ট) যমুনা সেতু পশ্চিম থানার উপপরিদর্শক (এসআই) রঞ্জন দেবনাথ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার (৭ আগস্ট) দিনগত রাত দেড়টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা ওভারপাসের নিচে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস নলকা ওভারপাসের নিচ দিয়ে যাচ্ছিল। এ সময় সিরাজগঞ্জ শহর থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক ওভারপাসে ওঠার সময় বাসটিকে ধাক্কা দেয়। এতে বাসের চালকসহ দুইজন ঘটনাস্থলেই নিহত হন। আহত হন বাসের আরও অন্তত ১০ যাত্রী।
দুর্ঘটনার খবর পেয়ে যমুনা সেতু পশ্চিম থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন। তারা নিহতদের মরদেহ উদ্ধার এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান।
এসআই রঞ্জন দেবনাথ বলেন, ট্রাকের ধাক্কায় বাসচালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। নিহত ও আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ও সংশ্লিষ্টদের তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।