ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত দুই গোলের সাক্ষী দিয়াগো ম্যারাডোনার সেই বল এবার উঠছে নিলামে। ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ‘হ্যান্ড অব গড’ ও ‘গোল অব দ্য সেঞ্চুরি’—দুটি ঐতিহাসিক গোলই হয়েছিল যে বলে, সেটির দাম উঠতে পারে প্রায় ১২৫ কোটি টাকা।
যুক্তরাষ্ট্রভিত্তিক নিলাম প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস আগামী ২১ আগস্ট নিলাম শুরু করবে। ২৩ আগস্ট ঘোষণা করা হবে বিজয়ী ক্রেতার নাম। প্রতিষ্ঠানটির ধারণা, বলটির দাম অন্তত এক কোটি মার্কিন ডলারে পৌঁছাতে পারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১২৫ কোটি টাকা। নিলামের ভিত্তিমূল্য ধরা হয়েছে ২৫ লাখ ডলার।
১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচে ব্যবহার করা হয়েছিল বলটি। ম্যাচের ৫১ মিনিটে ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটনের মাথার ওপর দিয়ে হাত দিয়ে বল জালে পাঠান ম্যারাডোনা। সেই গোলই ইতিহাসে ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিত।
এর মাত্র চার মিনিট পর মাঝমাঠ থেকে বল নিয়ে ইংল্যান্ডের একের পর এক খেলোয়াড়কে কাটিয়ে অসাধারণ একক নৈপুণ্যে গোল করেন ম্যারাডোনা। পরে ফিফা গোলটিকে শতাব্দীর সেরা গোল হিসেবে স্বীকৃতি দেয়। হেরিটেজ অকশনসের ক্রীড়া বিভাগের ভাইস প্রেসিডেন্ট ড্যান ইমলারও বলটিকে ফুটবল ইতিহাসের সবচেয়ে স্মরণীয় বলগুলোর একটি বলে মনে করেন।
ম্যারাডোনার স্মারকের বাজারমূল্য এর আগেও বড় রেকর্ড গড়েছে। ২০২২ সালে ওই ম্যাচে তার পরা আর্জেন্টিনার নীল-সাদা জার্সি ৯৩ লাখ ডলারে বিক্রি হয়। ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার স্টিভ হজ ৩৬ বছর জার্সিটি নিজের কাছে রাখার পর ব্রিটিশ নিলাম প্রতিষ্ঠান সদবিসের মাধ্যমে সেটি বিক্রি করেন।
এবার নিলামে উঠতে যাওয়া বলটি অ্যাডিডাসের ‘অ্যাজটেকা’ মডেলের। বিশ্বকাপ ইতিহাসে এটিই প্রথম কৃত্রিম উপাদানে তৈরি অফিসিয়াল ম্যাচ বল হিসেবে পরিচিত। ম্যাচের রেফারি তিউনিসিয়ার আলি বিন নাসের দীর্ঘদিন বলটি নিজের সংগ্রহে রেখেছিলেন।
২০২২ সালের কাতার বিশ্বকাপ চলাকালে প্রথমবার নিলামে তোলা হয়েছিল বলটি। সেবার এক অজ্ঞাতপরিচয় ক্রেতা ২৩ লাখ ৭০ হাজার ডলারে এটি কিনে নেন। তখন এটিই ছিল বিশ্বের সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া ফুটবল। তবে ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের বেসবল তারকা শোহেই ওহতানির খেলা একটি বেসবল ৪৩ লাখ ৯২ হাজার ডলারে বিক্রি হয়ে সেই রেকর্ড ভেঙে দেয়।
এবার প্রশ্ন, ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ও ‘গোল অব দ্য সেঞ্চুরি’র সাক্ষী সেই ঐতিহাসিক বল কি শেষ পর্যন্ত ১২৫ কোটি টাকার মাইলফলক ছুঁতে পারবে?