পাবনার ঈশ্বরদীতে মধ্যরাতে পিকআপ ভ্যানে ঘুরতে বের হওয়া এক দম্পতিকে গরুচোর সন্দেহে আটক করেন স্থানীয়রা। পরে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। জিজ্ঞাসাবাদে গভীর রাতে ওই এলাকায় অবস্থানের সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
সোমবার (২৭ জুলাই) দিবাগত রাতে ঈশ্বরদী পৌর শহরের উমিরপুর এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার হওয়া দম্পতি হলেন ঈশ্বরদী পৌর শহরের শহীদ আমিনপাড়া এলাকার মৃত ইউনুছ শেখের ছেলে রায়হান শেখ (২৫) এবং তার স্ত্রী সুমাইয়া খাতুন (১৮)।
রায়হান শেখ পুলিশের কাছে দাবি করেন, রাত আনুমানিক দেড়টার দিকে তার স্ত্রী সুমাইয়া খাতুন ঘুরতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। পরে নিজের পিকআপে করে দুজনে ঘুরতে বের হন। প্রায় এক ঘণ্টা ঘোরাঘুরির পর উমিরপুর এলাকায় পৌঁছালে তাদের পিকআপটি বিকল হয়ে যায়। এ সময় স্ত্রীকে পাশে রেখে তিনি গাড়ি মেরামতের চেষ্টা করছিলেন।
এ সময় স্থানীয় এক ব্যক্তি তাদের দেখে গরুচোর সন্দেহ করেন। পরে আরও কয়েকজনকে খবর দিলে স্থানীয়রা দম্পতিকে প্রায় দুই ঘণ্টা আটকে রাখেন। এ সময় রায়হানকে মারধরের অভিযোগও ওঠে। পরে ভোরের দিকে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান বলেন, গরুচোর সন্দেহে স্থানীয়রা স্বামী-স্ত্রীকে আটকের পর পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে এ ঘটনায় কারও পক্ষ থেকেই কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
তিনি আরও বলেন, জিজ্ঞাসাবাদে মধ্যরাতে ওই এলাকায় অবস্থানের সন্তোষজনক ব্যাখ্যা দিতে পারেননি তারা। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।