প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানিয়েছেন, দেশের সিটি করপোরেশনের তালিকায় অগ্রাধিকার ভিত্তিতে যুক্ত হতে যাচ্ছে কক্সবাজার। মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
তথ্য উপদেষ্টা বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী প্রায় ১৫৭ বছরের পুরোনো কক্সবাজার পৌরসভাকে সিটি করপোরেশনে রূপান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্থানীয় সরকার বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এবং অগ্রগতি প্রতিবেদন দ্রুত পাঠাতে নির্দেশ দিয়েছে।
জাহেদ উর রহমান জানান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ এবং সংসদ সদস্যদের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেলের সদস্য সচিব উজ্জ্বল হোসেনের সই করা দপ্তরাদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
ব্রিফিংয়ে আরও জানানো হয়, গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ ও দরিদ্র নারীদের কর্মসংস্থানের জন্য ২ হাজার ৮২ কোটি ১২ লাখ টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ২০২৯ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে।