কুষ্টিয়ায় বন্ধুদের সঙ্গে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে কাওসার (২৫) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুলাই) দুপুরে কুষ্টিয়া শহরের ডিসি পার্কের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত কাওসার পাবনার ঈশ্বরদী উপজেলার ইসলামপাড়া এলাকার আফসার উদ্দিনের ছেলে। তিনি কুষ্টিয়া সদর উপজেলার উদিবাড়ি এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন।
কাওসার কুষ্টিয়া সরকারি কলেজের রসায়ন বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
নিহতের বন্ধু শাওন জানান, দুপুরে কয়েকজন বন্ধু মিলে ডিসি পার্কের পুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে কাওসার পুকুরের মাঝখানে গিয়ে ডুবে যেতে থাকেন। এ সময় তিনি সাহায্যের জন্য চিৎকার করেন। তাকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন বন্ধুরা। পরে স্থানীয়দের মাধ্যমে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় কাওসারকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন বলেন, হাসপাতালে আনার আগেই ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধার অভিযান শুরু করা হয়। দীর্ঘ চেষ্টার পর মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।