দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, তা দলীয় আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২৫ জুলাই) বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) মিলনায়তনে ৩৬তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, গত ১৭ বছরে দলটি উন্নয়নের নামে কাগজে-কলমে নানা পরিকল্পনা দেখালেও বাস্তবে দেশের সম্পদ লুটপাট করেছে। আওয়ামী লীগ শুধু অর্থ লোপাট করেছে, দেশে কার্যকর কোনো উন্নয়ন রেখে যায়নি।’
বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখনই দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছে। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় এসে সেই পরিকল্পনা ও অর্জনগুলো বারবার ধ্বংস করেছে।
সম্মেলনে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. শওকত রশীদ চৌধুরীর সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আরডিএর পরিচালক আব্দুল মজিদ প্রামাণিক।
অনুষ্ঠানে বগুড়া-৫ আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ, বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, নন্দীগ্রাম আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন, সোনাতলা-সারিয়াকান্দি আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, সংরক্ষিত নারী সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার আনম রশিদ, কৃষি সচিব রফিকুল মোহাম্মদসহ বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা, গবেষক এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী এ পরিকল্পনা সম্মেলনে পল্লী উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি, সমবায়ভিত্তিক উন্নয়ন, টেকসই গ্রামীণ অর্থনীতি, বিভিন্ন প্রকল্পের মূল্যায়ন এবং আগামী বছরের কর্মপরিকল্পনা প্রণয়ন নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।