জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘দেশে চাঁদাবাজি, দখলবাজি ও সন্ত্রাসের অভিযোগ বাড়ছে। এ পরিস্থিতিতে জনগণের মনে প্রশ্ন উঠেছে, ‘তারেক রহমানের কার্ডের মধ্যে চাঁদাবাজি-দখলবাজির কার্ডও আছে কি না?’
বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় জামালপুর শহরের দয়াময়ী মোড়ে এনসিপির কেন্দ্রীয় কর্মসূচি ‘জুলাই জাগরণ ও জুলাই পদযাত্রা’ শেষে আয়োজিত পথসভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে বিকেলে দয়াময়ী মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফৌজদারি মোড়ে গিয়ে পথসভায় মিলিত হয়। এতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন।
পথসভায় সারজিস আলম বলেন, ‘জনগণকে নানা ধরনের কার্ড দেওয়া হলেও মানুষ জানতে চায়, সেসবের বাস্তব উপকার কী।’ তিনি দাবি করেন, দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও দখলবাজির অভিযোগ বাড়তে থাকায় জনগণের মনে নানা প্রশ্ন তৈরি হয়েছে।
বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর গণভোটসংক্রান্ত বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, যদি গণভোটকে অবৈধ বলা হয়, তাহলে সেই গণভোটের ধারাবাহিকতায় প্রতিষ্ঠিত সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন ওঠে। জনগণের রায়কে সম্মান জানিয়ে তাদের প্রত্যাশা বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
সারজিস আলম আরও বলেন, রাজনীতি যদি জনগণের কল্যাণের জন্য হয়, তাহলে সেখানে চাঁদাবাজ, দখলবাজ ও দুর্নীতিবাজদের কোনো স্থান থাকতে পারে না। রাজনীতির নামে সাধারণ মানুষের ওপর নির্যাতন চালানো হলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।
তিনি রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও রাজনৈতিক সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জুলাই আন্দোলনের ঘোষণাপত্র বাস্তবায়ন এবং জনগণের প্রত্যাশা পূরণে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, শুধু পদত্যাগ করলেই হবে না, জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডে জড়িত সবাইকে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। বিচারহীনতার সংস্কৃতি বন্ধ না হলে দেশে গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।
এ সময় এনসিপির যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান, জাতীয় শক্তির সভাপতি জাহিদ আহসান, জামালপুর সদর উপজেলা সদস্য সচিব ডা. মোশাররফ হোসেন, জেলা এনসিপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আবু সাঈদ মো. শামীম, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সহ-সভাপতি হিফজুর রহমান বকুল, ঢাকা মহানগর উত্তর এনসিপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার জাহান আকাশসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।