গ্রাহকদের আরও আধুনিক, সহজলভ্য ও মানসম্মত সেবা নিশ্চিত করতে রাজধানীর মিরপুরে নতুন একটি গ্রামীণফোন সেন্টার (জিপিসি) উদ্বোধন করেছে দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) উদ্বোধন হওয়া এ সেন্টারটি উদ্ভাবনী ও ডিজিটাল-ফার্স্ট গ্রাহকসেবা নিশ্চিত করার লক্ষ্যে গ্রামীণফোনের চলমান উদ্যোগের অংশ।
উদ্বোধনী অনুষ্ঠানে গ্রামীণফোনের হেড অব ব্র্যান্ড মার্কেটিং নাফিস আনোয়ার চৌধুরী, হেড অব কাস্টমার এক্সপেরিয়েন্স অ্যান্ড সার্ভিস আব্দুল্লা আল মাহমুদ, সার্কেল বিজনেস হেড (ঢাকা) আশফাকুজ্জামান চৌধুরী এবং গ্রামীণফোন সেন্টারের পার্টনার ইফতেখার মাহমুদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় কমিউনিটির সদস্য, গ্রাহক ও সেন্টার এজেন্টরাও অনুষ্ঠানে অংশ নেন।
গ্রামীণফোন জানায়, মিরপুরের ঐতিহ্যবাহী বেনারসি পল্লীর অনুপ্রেরণায় নতুন সেন্টারটির নকশা করা হয়েছে। আধুনিক ডিজাইনের সঙ্গে স্থানীয় সাংস্কৃতিক ঐতিহ্যের সমন্বয় ঘটিয়ে এটি নির্মাণ করা হয়েছে। মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের পাশে অবস্থিত সেন্টারটি পল্লবী, মিরপুর-১০, রূপনগর, মিরপুর ডিওএইচএসসহ আশপাশের এলাকার গ্রাহকদের জন্য সহজে সেবা গ্রহণের সুযোগ তৈরি করবে।
পরিবেশবান্ধব উপকরণ ব্যবহার করে নির্মিত এ সেন্টারে গ্রাহকরা এক ছাদের নিচে গ্রামীণফোনের সব ধরনের টেলিযোগাযোগ সেবা, ডিজিটাল সল্যুশন এবং সর্বাধুনিক পণ্য ও সেবা গ্রহণ করতে পারবেন।
প্রতিষ্ঠানটির মতে, নতুন এই গ্রামীণফোন সেন্টার গ্রাহকদের জন্য সহজলভ্য, আধুনিক ও টেকসই সেবা নিশ্চিত করার পাশাপাশি স্থানীয় কমিউনিটির সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।