নওগাঁ সদর উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গাত্মক গান গাওয়ায় চতুর্থ শ্রেণির ১৭ শিক্ষার্থীকে মারধরের অভিযোগ উঠেছে এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে।
বুধবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার নারচী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শিক্ষকের নাম আব্দুস সালাম। তিনি ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং আর্জেন্টিনার সমর্থক।
স্থানীয় সূত্রে জানা যায়, সেদিন একটি ক্লাস ফাঁকা থাকায় শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে গান গাইছিল। অভিযোগ রয়েছে, গানটিতে আর্জেন্টিনা ফুটবল দলকে ব্যঙ্গ করা হচ্ছিল। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষক আব্দুস সালাম বৈদ্যুতিক তার দিয়ে শিক্ষার্থীদের মারধর করেন। এতে শ্রেণিকক্ষে থাকা ২৩ জন শিক্ষার্থীর মধ্যে অন্তত ১৭ জন আহত হয়।
ভুক্তভোগী কয়েকজন শিক্ষার্থী জানায়, অভিযুক্ত শিক্ষক আর্জেন্টিনা দলের সমর্থক। দলটিকে নিয়ে ব্যঙ্গাত্মক গান গাওয়ায় তিনি ক্ষিপ্ত হয়ে তাদের ওপর এলোপাতাড়ি মারধর করেন।
ঘটনার পর বুধবার রাতেই বিদ্যালয়সংলগ্ন নারচী মোড়ে অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ করেন এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ দিকে অভিযুক্ত শিক্ষক আব্দুস সালাম মারধরের ঘটনার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, শিক্ষার্থীদের মারধর করায় তিনি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমাপ্রার্থী। বিষয়টি অভিভাবক ও সহকর্মীদের সঙ্গে আলোচনা করে সমাধানের চেষ্টা করবেন বলেও জানান।
এ বিষয়ে নওগাঁ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. ছানাউল হাবিব বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি এখনও আনুষ্ঠানিকভাবে অবগত নন। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।