বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগরের নেতা আফতাব মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ জুলাই) চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় এক তরুণীর দায়ের করা ধর্ষণ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আফতাব মজুমদার এনসিপির চট্টগ্রাম মহানগর কমিটির সংগঠক, বন্দর থানা যুবশক্তির আহ্বায়ক এবং দলের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য।
পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণী মামলায় উল্লেখ করেছেন, প্রায় তিন মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আফতাব মজুমদারের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে অভিযুক্ত শারীরিক সম্পর্কের প্রস্তাব দিলে বিয়ের আগে এতে রাজি হননি ওই তরুণী।
মামলার এজাহার অনুযায়ী, গত ১৪ জুলাই আফতাব মজুমদার বিয়ের আশ্বাস দিয়ে তরুণীকে চট্টগ্রাম নগরের বন্দর এলাকার একটি আবাসিক হোটেলে ডেকে নেন। সেখানে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। এরপর বিয়ের বিষয়ে বারবার যোগাযোগ করা হলেও নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যান এবং একপর্যায়ে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।
এজাহারে আরও উল্লেখ করা হয়, পরে ভুক্তভোগী জানতে পারেন যে আফতাব মজুমদার আগে থেকেই বিবাহিত। এরপর পরিবারের সঙ্গে আলোচনা করে তিনি চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় ধর্ষণের মামলা করেন।
চান্দগাঁও থানার ডিউটি অফিসার রফিকুল ইসলাম জানান, মামলার ভিত্তিতে অভিযুক্তকে মঙ্গলবার রাতে নগরের হালিশহর এলাকার বিডিআর মাঠসংলগ্ন একটি দোকান থেকে গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন এবং তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
পুলিশ জানিয়েছে, মামলার অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। অভিযোগের সত্যতা আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হবে।