জয়পুরহাট সদর উপজেলার ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে আবারও ৫ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে গ্রামবাসী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে দুই নারী ও এক বৃদ্ধকে নিয়ে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে বিএসএফ।
শনিবার (১১ জুলাই) ভোরে ভুটিয়াপাড়া সীমান্তের পশ্চিম রামকৃষ্ণপুর এলাকার ২৭৫/৮ এস সাব-পিলার দিয়ে একজন বৃদ্ধ ও ২ নারীকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে সীমান্তের লাইট পোস্টের আলো নিভিয়ে বিএসএফ সদস্যরা ৫ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে গ্রামবাসী তাদের আটক করে এবং বিজিবিকে খবর দেয়। পরে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের নিয়ে শূন্যরেখায় অবস্থান নেন।
আটক হওয়া বৃদ্ধের নাম হাফিজুর রহমান (৬৫)। তার বাড়ি নড়াইল জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। সঙ্গে থাকা ২ নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় ধলাহার ইউনিয়ন পরিষদের সদস্য সফিকুল ইসলাম বলেন, ভোরে বিএসএফ ৫ জনকে পুশইনের চেষ্টা করলে গ্রামবাসী তা প্রতিহত করেন। পরে বিজিবিকে খবর দেওয়া হয়। আটক ব্যক্তিরা জানিয়েছেন, মোট পাঁচজনকে পুশইন করা হয়েছিল। এর মধ্যে ৩জনকে আটক করা হয়। বাকি ২ জনের অবস্থান সম্পর্কে তারা নিশ্চিত কোনো তথ্য দিতে পারেননি। বর্তমানে ওই তিনজনকে নিয়ে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছে বিএসএফ। পাশেই অবস্থান করছে বিজিবিও।
এ ব্যাপারে পত্নীতলা ১৪ বিজিবির সহকারী পরিচালক হাসানুর রহমান বলেন, ‘গ্রামবাসীর কাছে জানতে পেরে ঘটনাস্থলে এসেছি। দুই পক্ষের মধ্যে আলোচনা ও পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।’