রংপুরের তারাগঞ্জ উপজেলায় তিস্তা সেচ ক্যানেলের ধারে পচে-গলে যাওয়া একটি মরদেহ ও মানুষের বিচ্ছিন্ন মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।শুক্রবার (৩ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার সয়ার ইউনিয়নের কুঠিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কয়েকজন কৃষক তিস্তা সেচ ক্যানেলের পাশের জমিতে কৃষিকাজ করতে যান। এ সময় তারা তীব্র দুর্গন্ধ অনুভব করেন। পরে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ক্যানেলের ধারে প্রথমে একটি মানুষের মাথার খুলি এবং পরে পচে-গলে যাওয়া মরদেহের অবশিষ্টাংশ দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলে তারাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও মাথার খুলিটি উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।
স্থানীয়দের ধারণা, অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যার পর পরিচয় গোপন করতে নির্জন ওই এলাকায় মরদেহ ফেলে রাখা হয়ে থাকতে পারে। দীর্ঘদিন ধরে পড়ে থাকায় মরদেহটি পচে-গলে কঙ্কালে পরিণত হয়েছে, ফলে পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। পাশাপাশি ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের চেষ্টা করা হবে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।