ময়মনসিংহ নগরীতে এইচএসসি পরীক্ষা শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে বহুতল ভবনের ছাদ থেকে লাফিয়ে তিশা সরকার (১৮) নামে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল ৬টার দিকে নগরীর কাচিঝুলী মসজিদ রোড এলাকার ‘নাসা টাওয়ার’ নামের একটি ভবনে এ ঘটনা ঘটে।
নিহত তিশা সরকার ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি ময়মনসিংহ জেলার তারাকান্দা মধ্য বাজার এলাকার উত্তম সরকার ও মনি সরকারের মেয়ে। গত দুই বছর ধরে কাচিঝুলী মসজিদ রোডের ২/ক/৩ নম্বর হোল্ডিংয়ে অবস্থিত ‘নাসা টাওয়ার’-এর একটি ছাত্রী মেসে থেকে লেখাপড়া করছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। তবে পরীক্ষা শুরুর প্রায় চার ঘণ্টা আগে সকাল ৬টার দিকে তিশা ভবনটির ছয়তলার ছাদে উঠে নিচে লাফ দেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সময় মেসের অধিকাংশ বাসিন্দা ঘুমিয়ে থাকায় ঠিক কী কারণে এমন ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কেউ নিশ্চিত তথ্য দিতে পারেনি।
খবর পেয়ে কোতোয়ালী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আশরাফুল করিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছয়তলার ছাদ থেকে লাফিয়ে ওই শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। পরীক্ষাসংক্রান্ত মানসিক চাপ নাকি অন্য কোনো কারণে এ ঘটনা ঘটেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।