ডিবি পরিচয়ে সাধারণ মানুষকে ফোন করে ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ। শনিবার (২৭ জুন) তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (২৬ জুন) দিনগত রাতে পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গাংকোলা সিংগা পালপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে সুজন হোসেন (৩৪) এবং পাবনা পৌর সদরের শিবরামপুর এলাকার হাতেম আলীর ছেলে আরিফুল ইসলাম (৪০)।
জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার ব্যক্তিরা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তারা ডিবি পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে ফোন করে ভয়ভীতি প্রদর্শন করে মোটা অঙ্কের চাঁদা দাবি করতেন। পরে বিকাশের মাধ্যমে সেই চাঁদার টাকা গ্রহণ করতেন।
তথ্যপ্রযুক্তির সহায়তায় গাংকোলা এলাকা থেকে সুজন (৩৪) এবং শিবরামপুর এলাকা থেকে আরিফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫টি মোবাইল ফোন জব্দ করা হয়। এসব মোবাইল ফোন ও ব্যবহৃত সিমকার্ড প্রতারণামূলক কাজে ব্যবহার করা হতো।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে এ চক্রটি বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাৎ করে আসছিল। এ পাবনা সদর থানায় মামলার পর আসামিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।