টাঙ্গাইলের নাগরপুর উপজেলার একটি বিদ্যালয়ে টিউবওয়েলের পানি পান করে অন্তত ৩১ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাহমুদনগর উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে ২৯ জন হাসপাতালে ভর্তি রয়েছে। গুরুতর অসুস্থ হওয়ায় দুই শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আরও পাঁচ শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে।
শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা যায়, বিদ্যালয়ের টিউবওয়েলের পানিতে কৃষিকাজে ব্যবহৃত কোনো তরল কীটনাশক মিশিয়ে দেওয়া হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বলেন, সকাল সোয়া ১০টার পর শিক্ষার্থীরা ক্লাসে যাওয়ার সময় হঠাৎ অনেকেই বমি করতে শুরু করে। পরে তাদের দ্রুত নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে ৩২ জনকে ভর্তি করা হয়েছিল। পরবর্তীতে দুজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অসুস্থদের মধ্যে ছাত্রীদের সংখ্যাই বেশি।
তিনি আরও বলেন, ‘টিউবওয়েলের পাশ থেকে পলিথিনে মোড়ানো সাদা পেস্টজাতীয় একটি পদার্থ উদ্ধার করা হয়েছে। আমার ব্যক্তিগত ধারণা, ওই পদার্থ পানির সঙ্গে মিশে যাওয়ার কারণেই শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েছে।’
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, ‘আমরা বিদ্যালয় পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। হাসপাতালে ভর্তি শিক্ষার্থীদের অধিকাংশই এখন সুস্থতার দিকে রয়েছে।’