খুব দ্রুত দেশে ‘মাল্টি-মোডাল’ যোগাযোগ ব্যবস্থা দৃশ্যমান হবে জানিয়ে সড়ক পরিবহন ও সেতু, নৌপরিবহন এবং রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ‘ঢাকা-পাবনা রুটের জন্য লোকোমোটিভ প্রস্তুত আছে, আগামী মাসে (জুলাই) কিছু নতুন কোচ আসবে। আসলেই অগ্রাধিকার ভিত্তিতে আগামী আগস্টে পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরু হবে।’ পাবনা সার্কিট হাউস মিলনায়তনে শনিবার (২০ জুন) বিকেলে সরকারি কর্মকর্তা ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
মন্ত্রী আরও বলেন, ‘একে অপরের প্রতিপক্ষ হয়ে নয়, বরং মালিক-শ্রমিকদের সঙ্গে নিয়ে সমন্বিত উদ্যোগে পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনা হবে। এখানে কোনো বিশেষ শ্রেণিকে লালন করা হবে না, প্রাধান্য পাবে কেবলই জনস্বার্থ ও জনআকাঙ্ক্ষা। খুব দ্রুতই দেশে আন্তর্জাতিক মানের মাল্টি-মোডাল যোগাযোগ ব্যবস্থা দৃশ্যমান হবে।’
তিনি আরও বলেন, ‘চলতি বছরের আগস্টে দুটি রুটে নতুন করে ট্রেন চলাচল শুরু হবে। এর মধ্যে প্রথমে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল। পরে চলাচল শুরু হবে ঢাকা-খুলনা সরাসরি ট্রেন। ইতোমধ্যে লোকোমোটিভ প্রস্তুত রয়েছে। দ্রুতই কোচ আসছে।’
এ ছাড়া কাজিরহাট ফেরীঘাট স্থানান্তর প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি বাস্তবায়ন করবার জন্য প্রাথমিক পর্যায়ে যেসব কার্যক্রম থাকে, সেটা ইতোমধ্যে চালু হয়েছে। ফিজিবিলিটি স্টাডি, ডিপিপি প্রণয়ন করা হয়েছে। এটি যেহেতু পাবনাবাসীর দাবি, এ ছাড়া এখানে বৃহত্তর বা জনস্বার্থ রয়েছে, ফলে বর্তমান সরকার দ্রুততম সময়ে এই প্রকল্প বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ।’
এ সময় অন্যদের মধ্যে পাবনা সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সুফী উল্লাহসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।