বিএনপি নেতার মন্তব্য
বাগেরহাটের মোরেলগঞ্জে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিক হয়েছে। শনিবার (১৩ জুন) সকালে উপজেলার পঞ্চকরণ ও পুটিখালী ইউনিয়নের স্লুইজ গেট এলাকায় মাদক ব্যবসায়ী লিটু শিকদার ও তার সহযোগীদের বিরুদ্ধে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন স্থানীয়রা।
মানববন্ধন বন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল খালেক।
তিনি বলেন, ‘পুলিশের আসল ব্যবসা গাঁজা। প্রতিটা পুলিশের পকেটে গাঁজা রয়েছে। আমি বের করে দিতে পারি। পুলিশকে মাদক কারবারিরা কিনে নিয়েছে। এই পুলিশ দিয়ে কিছু হবে না। আপনার-আমার সন্তান নষ্ট হবে, আর পুলিশের লাভ হবে।”
সমাবেশে আরও বক্তব্য দেন পুটিখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খলিলুর রহমান শিকদার, পঞ্চকরণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন কাজী, বিএনপি নেতা নান্টু শিকদার এবং পঞ্চকরণ ১ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মো. সামসুর রহমানসহ স্থানীয় নেতারা।
বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে লিটু শিকদার ও তার সহযোগীরা এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। এর কারণে তরুণ যুবসমাজ মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। তারা দ্রুত লিটু শিকদারকে গ্রেপ্তার করে মাদক ব্যবসা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। মানববন্ধন শেষে স্থানীয়দের অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।