ফিফা বিশ্বকাপের উন্মাদনায় মেতে উঠেছে পুরো দেশ। এরই অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার রুবেল মিয়া নামের এক ব্যক্তি তার বাড়িটিকে সাজিয়েছেন প্রিয় দল ব্রাজিলের পতাকার আদলে।
উপজেলার ছতুরা-চান্দপুর গ্রামে রুবেল মিয়ার বাড়ি গিয়ে দেখা যায়, ভবন ও সীমানা প্রাচীরজুড়ে ব্যবহার করা হয়েছে ব্রাজিলের জাতীয় পতাকার রং। পাশাপাশি দেয়ালে আঁকা হয়েছে ব্রাজিল দলের বিভিন্ন তারকা ফুটবলারের ছবি। বাড়িটির একটি অংশে স্থান পেয়েছে বাংলাদেশের জাতীয় পতাকাও, যা ফুটবলপ্রেমের পাশাপাশি দেশপ্রেমেরও প্রতীক হয়ে উঠেছে।
ব্যতিক্রমী এই বাড়ি দেখতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে ভিড় করছেন দর্শনার্থীরা। শুধু ব্রাজিল সমর্থকরাই নয়, অন্য দলের সমর্থকরাও বাড়িটির সৌন্দর্য ও নান্দনিকতার প্রশংসা করছেন।
রুবেল মিয়া জানান, ছোটবেলা থেকেই তিনি ব্রাজিল দলের সমর্থক। সেই ভালোবাসা থেকে বাড়ির ভবন ও সীমানা দেয়াল ব্রাজিলের পতাকার আদলে রং করিয়েছেন এবং প্রিয় খেলোয়াড়দের ছবি আঁকিয়েছেন। প্রায় ১৬ দিন ধরে চলা এ কাজে তার ব্যয় হয়েছে প্রায় দেড় লাখ টাকা।
বিশ্বকাপকে ঘিরে রুবেল মিয়ার এই ব্যতিক্রমী উদ্যোগ এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ফুটবলপ্রেম ও সৃজনশীলতার অনন্য মিশেলে গড়ে ওঠা এই বাড়ি এখন আখাউড়ার অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে।