কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় বাসের চাপায় তিনজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছেন আরও একজন। শনিবার (৬ জুন) সন্ধ্যায় উপজেলার কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের রতনপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে উল্টো দিক থেকে ঢুকে পরে। এসময় নোয়াখালী থেকে কুমিল্লাগামী শাহ আলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং গুরুতর আহত হন আরও একজন।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজ শুরু করে। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার কারণে মহাসড়কে সাময়িক যানজটের সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। মরদেহ উদ্ধার করে পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
লাকসাম হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসমান গণি জানান, নিহত এবং আহতদের উদ্ধার ও পরিচয় জানতে ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ কাজ করছে। প্রাথমিকভাবে জানা গেছে অটোরিকশাটি উল্টোপথে চলছিল। এমন সময় বাসটি চলে এলে দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।