বিয়ের দাবিতে গত ৬ দিন ধরে প্রেমিক তাহজিদ হোসাইনের বাড়িতে অনশন করছেন এইচএসসি পরীক্ষার্থী এক তরুণী (১৮)। কিন্তু অনশনে বসার পর থেকে লাপাত্তা রয়েছেন প্রেমিক।
স্থানীয় সূত্রে জানা যায়, সুজানগর উপজেলার উলাট মোল্লাপাড়া গ্রামের বাসিন্দা তাহজিদ হোসাইনের সঙ্গে ২ বছর ধরে ওই তরুণীর প্রেমের সম্পর্ক রয়েছে। তাহজিদ বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ওই তরুণীর সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়। গত ৩১ মে তাহজিদ ওই তরুণীর বাড়িতে যান। সেখানে তাদের আপত্তিকর অবস্থায় ধরে ফেলে পরিবার। পরে সেখান থেকে পালিয়ে যান তাহজিদ।
বিষয়টি জানাজানি হলে গত ১ জুন বিয়ের দাবিতে তাহজিদের বাড়িতে গিয়ে ওঠে ওই তরুণী। এরপর থেকে তাহজিদ লাপাত্তা।
তরুণীর চাচাতো ভাই বলেন, ‘ঘটনাটি জানার পর উভয়পক্ষ বসে বিয়ের সিদ্ধান্ত হয়। কিন্তু স্থানীয় পলিটিক্স এই পরিবেশ নষ্ট করছে। আমরা এটা পারিবারিক সম্পর্কে রুপ দিতে চাই। তৃতীয় পক্ষ উস্কানি দিয়ে বিষয়টি ভিন্ন পথে নেওয়ার চেষ্টা করছে।’
ছেলের সঙ্গে ওই তরুণীর প্রেমের সম্পর্কের কথা স্বীকার করলেও শারীরিক সম্পর্কের বিষয়টি ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন তাহজিদের মা।
তিনি জানান, জমিজমা নিয়ে ওই তরুণীর পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের বিরোধ চলছে। তারা তাহজিদকে ওই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে বলেছিলেন। কয়েক মাস তাদের মধ্যে যোগাযোগ বন্ধ ছিল। কিন্তু পরে তার ছেলেকে জন্মদিনের কেক কাটার কথা বলে ফুঁসলিয়ে ডেকে নিয়ে ষড়যন্ত্র করেছে। স্থানীয়ভাবে সবাইকে নিয়ে বিষয়টি মিমাংসার চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এ বিষয়ে সুজানগর থানার পরিদর্শক (তদন্ত) লালবুর রহমান জানান, বিষয়টি জানার পর ইতোমধ্যে তদন্ত করা হয়েছে। মেয়ে পক্ষ সম্ভবত মামলার প্রস্তুতি নিচ্ছেন। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।