হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মোবাইল চুরির অভিযোগে এক যুবককে আটক করেছেন স্থানীয়রা। এরপর তার মাথা ন্যাড়া করে আঁকা হয়েছে আর্জেন্টিনার পতাকা। সম্প্রতি উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালীগঞ্জ বাজারে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কালীগঞ্জ বাজারের এক ব্যবসায়ীর মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে এক যুবককে আটক করেন স্থানীয়রা। পরে তাকে প্রকাশ্যে এনে মাথার চুল কেটে ন্যাড়া করা হয়। এরপর তার মাথায় আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে বিশেষ নকশাও আঁকা হয়।
ঘটনার সময় সেখানে বিপুল সংখ্যক উৎসুক জনতা ভিড় করেন। পরে এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দেয়।
স্থানীয়দের একাংশ ঘটনাটিকে ব্যতিক্রমী শাস্তি হিসেবে উল্লেখ করলেও অন্যরা এটিকে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা হিসেবে আখ্যায়িত করেছেন।
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, কোনো ব্যক্তি অপরাধে জড়িত থাকলে তাকে পুলিশের কাছে সোপর্দ করতে হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণই সঠিক পন্থা। অপরাধ দমনে জনসচেতনতা গুরুত্বপূর্ণ হলেও বিচার ও শাস্তি দেওয়ার দায়িত্ব আইনশৃঙ্খলা বাহিনী ও আদালতের। এ ধরনের ঘটনায় সবাইকে আইন মেনে চলতে হবে।
ওসি জানান, ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।