মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া সীমান্ত দিয়ে ভারত থেকে ছয়জনকে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসী বাধা দিলে তারা ব্যর্থ হয়ে ফিরে যায়।
শনিবার (৬ জুন) ভোরে এ ঘটনা ঘটে। পরে সীমান্তে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করে নজরদারি জোরদার করা হয়।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্তের তেঁতুলবাড়ীয়া গ্রামের হাটপাড়া এলাকায় বিএসএফ কাঁটাতারের গেট খুলে ছয়জনকে পুশেইনের চেষ্টা করে। এ সময় বিজিবি ও গ্রামবাসী তাদের বাধা দিলে তারা আবার সীমান্তের ওপারে ফিরে যায়। তবে বিএসএফ তাদের নিজেদের ভূখণ্ডে না গিয়ে সীমান্তের কাছাকাছি অবস্থান করছে। এ ঘটনার পর ওই এলাকায় নজরদারি জোরদার করেছে বিজিবি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি মাইকিং করে সীমান্তে অবস্থানরত ব্যক্তিদের ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছে। একই সঙ্গে বিএসএফের সঙ্গে যোগাযোগেরও চেষ্টা করা হচ্ছে। তবে এ বিষয়ে বিএসএফের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।
বিজিবি-৪৭ ব্যাটালিয়নের সহকারী পরিচালক নুরুল হুদা বলেন, 'তেঁতুলবাড়ীয়া সীমান্ত দিয়ে কয়েকজনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়েছিল। বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে বিষয়টি প্রতিরোধ করেছেন। সীমান্তে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে এবং সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশইন মেনে নেওয়া হবে না।’