ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান মঙ্গলবার (২ জুন) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে রাজধানী ঢাকার ধানমন্ডি এলাকা থেকে সোমবার (১ জুন) মাগরিবের নামাজের পর তাকে গ্রেপ্তার করা হয়।
আব্দুল্লাহ আল মাসুদ মধু ঝালকাঠি শহরের পূর্ব চাঁদকাঠি এলাকার বাসিন্দা। তিনি আব্দুল মন্নানের ছেলে। ২০২১ সালের ৩০ অক্টোবর ঝালকাঠি জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পান তিনি।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
ওসি মাহমুদ হাসান বলেন, ধানমন্ডি থানার একটি মামলায় আব্দুল্লাহ আল মাসুদ মধুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ঝালকাঠিতেও একাধিক মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে ঝালকাঠিতে আনা হবে বলেও জানান তিনি।