বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে কুড়িয়ে পাওয়া পরিত্যক্ত মটরশেল বিষ্ফোরণে এক বাংলাদেশি কিশোর নিহত হয়েছে। নিহতের নাম সুমিনাইং তঞ্চঙ্গা। মঙ্গলবার (২ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।
আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয়রা সূত্রে জানা যায়, উপজেলার ঘুমধুম ইউনিয়নের বাইশফাঁড়ী সীমান্তবর্তী ৩৯ ও ৪০ নম্বর পিলারের মধ্যবর্তী এলাকায় সুমিনাইং তার মায়ের সঙ্গে জুম খেতে কাজ করতে যায়। জুমের নীচে মায়ানমার সীমান্তে কাটাতারের পাশে একটি পরিত্যক্ত মর্টারশেল পেয়ে জুম ঘরে এনে খেলতে থাকে।
এ সময় পরিত্যক্ত মর্টারশেলটি হঠাৎ বিষ্ফোরিত হলে ঘটনাস্থলেই কিশোরটি নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে বিজিবি ও পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। নিহত সুমিনাইং তঞ্চঙ্গার বয়স ১২। সে বাইশফাড়ি তঞ্চঙ্গা পাড়ার বাসিন্দার কিংহ্লা তঞ্চঙ্গার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘মিয়ানমার সীমান্তে জুমে কাজ করতে গিয়ে পরিত্যক্ত মর্টারশেল বিস্ফোরণে এক কিশোর নিহত হয়েছে। মরদেহ উদ্ধার করে আনা হয়েছে। বিস্তারিত তদন্ত শেষে জানা যাবে।’
উল্লেখ্য, এর আগে গত ২৪ মে একই এলাকায় ৪০ ও ৪১ নম্বর পিলারের মধ্যবর্তী এলাকায় মাইন বিস্ফোরনে তিন বাংলাদেশি নিহত হন।