ফরিদপুরের সদরপুর উপজেলায় সিরাজুল ইসলাম (৫৭) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে ভাতিজাদের বিরুদ্ধে। এ ঘটনায় মাসুদ রানা (৪০) নামের আরেকজনকে কুপিয়ে জখম করা হয়।
বসতবাড়ির গাছ কাটা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৯ মে) সন্ধ্যায় উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের চর চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত কাজী সিরাজুল ইসলাম মানিকগঞ্জে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন। শুক্রবার বিকেলে বোনদের কোরবানির মাংস দেওয়ার জন্য তিনি কর্মস্থল থেকে নিজ বাড়িতে আসেন। এসে দেখতে পান বাড়ির কয়েকটি গাছ কাটা হয়েছে। ভাতিজা সুমনের কাছে গাছ কাটার বিষয়টি জানতে চাইলেও সদুত্তর পাননি। পরে বাগবিতণ্ডায় জড়ান দুজন।
একপর্যায়ে দুই ভাই সুমন ও তুষার চাচা সিরাজুলের উপর হাতুড়ি ও কাঠের বাটাম দিয়ে হামলা চালান এবং মারধর করেন। এ সময় মাসুদ রানা ঠেকাতে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। পরে পরিবারের অন্য সদস্যরা আহত সিরাজুল ইসলামকে উদ্ধার করে ফরিদপুর শহরের হার্ট ফাউন্ডেশনে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ জানান, নিহতের পরিবারের সদস্যরা থানায় কোনো অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।