বরগুনায় হত্যা মামলার এক আসামিকে গ্রেপ্তারের পর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যদের ‘ডাকাত’ আখ্যা দিয়ে নির্যাতন করেছেন স্থানীয়রা।
মঙ্গলবার (১৯ মে ২০২৬) রাত ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে বরগুনা সদর উপজেলার ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের জাকিরতবক গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনার অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করে মামলা করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার আসামি মো. জহিরুল ইসলাম সিকদার (২৬) ও তার স্ত্রী জান্নাতীসহ (২০), মোসা. মানসুরা (৩০) ও আমেনা (৩৭) নামে আরও দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে পুলিশ একটি ধারাল রামদাসহ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
হামলায় আহতরা হলেন ডিবি পুলিশের সদস্য অনিক, প্রিন্স, মাহমুদ, অমিত, আবদুল্লাহ ও সবুজ। আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, ডিবি পুলিশের এসআই মো. আবুল কালাম আজাদের নেতৃত্বে একটি দল হত্যা মামলার আসামি জহিরুল ইসলাম সিকদারকে (২৬) গ্রেপ্তারের উদ্দেশে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তাকে তার নিজ বাড়ি থেকে আটক করা হলে তিনি গ্রেপ্তার এড়াতে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। এ সময় তার স্ত্রী, ভাই ও স্বজনরা ডাকাত ডাকাত বলে চিৎকার করে। এসময় ৫০-৬০ জন নারী-পুরুষ দেশীয় অস্ত্রসহ ডিবি পুলিশের ওপর হামলা চালায়। পুলিশ সদস্যরা তাদের পরিচয় দেওয়ার পর তারা কোনো কথা না শুনে তাদের মারধর করে। হামলায় ডিবি পুলিশের ৬ সদস্য আহত হন। পরে বরগুনা সদর থানা, জেলা পুলিশ লাইন ও ডিবির অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আ. আলীম জানান, ডিবি সদস্যদের ওপর হামলার সংবাদ পেয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে। হামলার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।