আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুমিল্লার পশুর হাটে এবার সবার নজর কাড়বে ‘সুলতান’ নামের একটি উট। জেলার সদর দক্ষিণ উপজেলার লক্ষীপুর এলাকার একটি এগ্রো ফার্ম উটটি বিক্রির প্রস্তুতি নিয়েছে।
খামারি জুয়েল আহমেদ প্রায় দুই মাস আগে রাজস্থান থেকে এই উটটি এনেছেন। তার এই ব্যতিক্রমী উদ্যোগ স্থানীয়দের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন ‘সুলতান’কে এক নজর দেখতে। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষ দেখতে আসছেন।
‘সুলতান’কে দেখাশোনার দায়িত্বে রয়েছেন সুমন নামের এক যুবক। তিনি জানান, গরুর তুলনায় উট পালন তুলনামূলকভাবে সহজ। উট সাধারণত গরুর মতোই খাবার খায় এবং এর পরিচর্যায়ও ঝামেলা কম।
স্থানীয়রা জানা, কুমিল্লার পশুর হাটে এমন ব্যতিক্রমী আয়োজন আগে খুব কমই দেখা গেছে। ফলে এবছর ‘সুলতান’ হাটের অন্যতম প্রধান আকর্ষণে পরিণত হয়েছে।
খামারের মালিক জুয়েল আহমেদ জানান, সুলতানের ওজন ৯০০ কেজি। এটার চাইছেন ৩২ লাখ টাকা। এরই মধ্যে তিনজন এসে তার সঙ্গে দামদর করে গেছেন। তবে কেউই আশানুরূপ দাম বলেননি।