বাগেরহাট পৌরসভায় পারিবারিক বিরোধের জেরে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে আম্মার শেখ (১৯) নামের এক যুবক নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৫ মে) দিবাগত রাতে পৌরসভার বাসাবাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আম্মার শেখ বাসাবাটি এলাকার তাসলিম মাহমুদের ছেলে। এছাড়া অভিযুক্ত যুবকের নাম আলী আব্দল্লাহ (২৩)। তিনি পৌরসভার সাহাপাড়া এরাকার বাসিন্দা তারেক হাওলাদারের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে আলী আব্দুল্লাহ তার ফুফুর বাড়ি বাসাবাটি বেড়াতে আসেন। রাতের খাবার শেষে আম্মার শেখ ও আলী আব্দুল্লাহ বাড়ির দোতলার একটি কক্ষে ঘুমাতে যান। এসময় আম্মারের মায়ের কাছ থেকে টাকা নেওয়া ও পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাত ১টার দিকে আলী আব্দুল্লাহ ধারাল ছুরি দিয়ে তার ফুফাতো ভাই আম্মার শেখের ঘাড়, বুক ও পিঠে এলোপাতাড়ি আঘাত করেন। এতে আম্মার গুরুত্বর আহত হন।
এসময় ধস্তাধস্তির শব্দ শুনে আম্মারের মা মাফুজা বেগম ঘটনা দেখে চিৎকার করেন। পরে পরিবারের সদস্যরা ছুটে এসে আম্মারকে উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনার পর নিহতের স্বজনরা আলী আব্দুল্লাহকে রক্তমাখা ছুরিসহ আটক করেন। পরে খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলী আব্দুল্লাহকে থানায় নিয়ে যান।
এ বিষয়ে বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুল আরেফিন বলেন, ‘গভীর রাতে ৯৯৯ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছুরিসহ আব্দুল্লাহকে আটক করা হয়। এছাড়া আম্মার শেখের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তবে কী কারণে এ হত্যাকাণ্ড সে বিষয়ে পুলিশ তদন্ত শুরু করেছে।’