জামালপুরে মাদকবিরোধী অভিযানের সময় ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দিয়ে আল আমিন (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) দুপুরে জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের নান্দিনা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আল আমিন জামালপুর সদর উপজেলার বাঁশচড়া ইউনিয়নের মুক্তা মিয়ার ছেলে। এদিন সন্ধ্যার পর জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, মঙ্গলবার দুপুরে নান্দিনা এলাকায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানের সময় কয়েকজন ব্যক্তি ব্রহ্মপুত্র নদে ঝাঁপ দেন। তাদের মধ্যে চারজন সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আল আমিন মাঝ নদীতে ডুবে যায়।
খবর পেয়ে জামালপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ অনুসন্ধানের পর বিকেল সাড়ে ৪টার দিকে নদী থেকে আল আমিনের মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন।
জামালপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের টিম লিডার শহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। দুপুর ১২টার দিকে অভিযান শুরু হয়। পরে বিকেল সাড়ে ৪টার দিকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।’
এ বিষয়ে জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নুরুল আমিন বলেন, ‘আমরা অভিযান পরিচালনা করে পাঁচজনকে গ্রেপ্তার করেছি। এর বাইরে কেউ নদীতে ঝাঁপ দিয়েছে কিনা, সে বিষয়ে আমাদের কাছে কোনো তথ্য নেই। এমন ঘটনা ঘটতে পারে।’
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ফায়ার সার্ভিসের কাছ থেকে মরদেহ গ্রহণ করা হয়েছে। মরদেহ বর্তমানে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।