গুজরাট টাইটান্সের বিপক্ষে বড় হার, তার ওপর আবার জরিমানা! একদিনেই যেন দুঃস্বপ্ন দেখল সানরাইজার্স হায়দরাবাদ। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ম্যাচ শেষে অধিনায়ক প্যাট কামিন্সকে ১২ লাখ রুপি জরিমানা করেছে আইপিএল কর্তৃপক্ষ।
মঙ্গলবারের ম্যাচে স্লো ওভার রেটের দায়ে এই শাস্তি দেওয়া হয়েছে হায়দরাবাদ অধিনায়ককে। আইপিএলের আচরণবিধির ২.২২ ধারা ভঙ্গ করায় কামিন্সের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ম্যাচটিও একদম ভুলে যাওয়ার মতো ছিল হায়দরাবাদের জন্যে। আগে ব্যাট করে শুবমান গিলের গুজরাট টাইটান্স ৫ উইকেটে সংগ্রহ করে ১৬৮ রান। লক্ষ্যটা খুব বড় না হলেও রান তাড়ায় নেমে পুরোপুরি ব্যর্থ হয় হায়দরাবাদের তারকাবহুল ব্যাটিং লাইনআপ।
একের পর এক উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। অবস্থা এতটাই খারাপ ছিল যে, আট নম্বরে ব্যাট করতে নামা অধিনায়ক প্যাট কামিন্সের ৯ বলে ১৯ রানই হয়ে যায় দলের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। শেষ পর্যন্ত ৮২ রানের বড় ব্যবধানে হারে সানরাইজার্স হায়দরাবাদ।
ম্যাচ শেষে প্রতিপক্ষের বোলিং আক্রমণের প্রশংসা করতে ভুল করেননি কামিন্স। তিনি বলেন, ‘আমার মনে হয়, দ্বিতীয় ইনিংসে ওরা সত্যিই খুব ভালো বোলিং করেছে। শুরুতে যখন আমরা মাঠ ছাড়ি, তখন আমি বেশ খুশিই ছিলাম; কিন্তু হ্যাঁ, উইকেটটা বেশ কঠিন ছিল। আমার মনে হয়, ওদের বোলাররা এর পুরো সুবিধা নিয়েছে।’
এই হারের পর হায়দরাবাদের পারফরম্যান্স নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে শক্তিশালী ব্যাটিং লাইনআপ থাকা সত্ত্বেও এমন ভরাডুবি দলটির সমর্থকদের হতাশ করেছে।